দাবি আদায়ে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা মাঠে নামছেন আজ
চট্টগ্রামের ডিপ্লোমা পেশাজীবী ও শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মাঠে নামছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের ব্যানারে তাঁরা আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন।
পরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেবেন। পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা এসব কর্মসূচি দিয়েছেন বলে জানা গেছে।
সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা প্রচার উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২০১০ সাল থেকে আমাদের আন্দোলন শুরু হয়। ২০১২ সালে সরকার আমাদের দাবিদাওয়া পরীক্ষা-নিরীক্ষার জন্য ডিপ্লোমা এবং ডিগ্রি (বিএসসি) প্রকৌশলীদের প্রতিনিধিত্বে একটি কমিটি গঠন করে। আমরা ওই কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবি করছি। একই সঙ্গে ডিপ্লোমা শিক্ষার্থীদের ল্যাবের যন্ত্রপাতি এবং শিক্ষকসংকট নিরসনেরও দাবি জানাচ্ছি।’
সংগ্রাম পরিষদ সূত্রে জানা গেছে, ডিপ্লোমা প্রকৌশলীদের দুই দফার প্রধান দাবি হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকার গঠিত পৃথক দুটি আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন। দ্বিতীয় দফার দুটি ভাগ রয়েছে। এর একটিতে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রবর্তনসহ শিক্ষাগত মেধার ভিত্তিতে ডিগ্রি প্রকৌশলীদের ডেস্ক এবং ডিপ্লোমা প্রকৌশলীদের ফিল্ডের দায়িত্ব দিতে হবে। অপর অংশে বলা হয়েছে, প্রশাসনিক পদে কারিগরি পেশাজীবীদের নিয়োগ বন্ধ করে সাধারণ পেশাজীবীদের নিয়োগ দিতে হবে।
ডিপ্লোমা প্রকৌশলীদের অভিযোগ, ডিগ্রি প্রকৌশলীরা সহকারী প্রকৌশলী পদে নবম গ্রেডে যোগ দেন। আর পদোন্নতি পেয়ে তাঁরা সংস্থার চেয়ারম্যান এবং সচিব পর্যন্ত দায়িত্বে নিয়োজিত হতে পারেন। কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীরা দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে যোগ দিয়ে বড়জোর সহকারী প্রকৌশলী পর্যন্ত হতে পারেন।