সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। এ সময় কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পুলিশ ৪০ জনকে আটক করেছে।
প্রকৌশলীর সংজ্ঞায় ডিপ্লোমা প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করে ২০০৮ সালের বিতর্কিত গেজেট সংশোধন এবং ছাত্রছাত্রীদের বৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোর দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তার মোড়ে সড়ক অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে তাঁরা অবরোধ তুলে নিয়ে পরে মানববন্ধন করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আবার তাঁরা সড়ক অবরোধ করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাঁদের সরিয়ে দেয়। এ সময় ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের (বাকাছাপ) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি আদায়ে আজ রোববার অনুষ্ঠেয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সব পরীক্ষা বর্জন করা হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০০৮ সালে অধ্যাদেশ জারি করে প্রকৌশলীর সংজ্ঞায় পরিবর্তন এনে শুধু বিএসসি ডিগ্রিধারীদের প্রকৌশলী বলা হয়েছে। পরিবর্তিত সংজ্ঞায় চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের প্রকৌশলীর বদলে ডিপ্লোমা ইন সুপারভাইজার বলা হয়। এর মাধ্যমে কর্মক্ষেত্রে তাঁদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণী থেকে নামিয়ে তৃতীয় শ্রেণী করার পাঁয়তারা চলছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, পেশায় আধিপত্য বিস্তারের হীন উদ্দেশ্যে একশ্রেণীর আমলার প্রভাবে এই বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তাঁরা অবিলম্বে এই অধ্যাদেশ সংশোধনের দাবি জানান।
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা এলাকায় অবরোধ করেন। খবর পেয়ে শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। শিক্ষার্থীরা ইনস্টিটিউটে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তাঁরা ইনস্টিটিউটের প্রধান ফটক বন্ধ করে অধ্যক্ষের কার্যালয়সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গাড়ি ও আসবাব ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইনস্টিটিউটের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে লাঠিপেটা শুরু করে। এরপর দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ শতাধিক কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ অর্ধশত শিক্ষার্থী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার, সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান ও ছাত্রলীগের সদর উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম রয়েছেন।
খবর পেয়ে র্যাব-১২-এর একটি দল ও ক্ষমতাসীন দলের নেতারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার পর বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, সংঘর্ষে জড়িত সন্দেহে পুলিশ ৪০ জনকে আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিমেষ চন্দ্র সূত্রধর বলেন, শিক্ষার্থীদের তাণ্ডবে ইনস্টিটিউটের কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাসে মানববন্ধন করেন। পরে তাঁরা অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করেন। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন শিক্ষার্থীদের দাবি পূরণে সহায়তার আশ্বাস দেন। পরে কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করে টিআর ট্রাভেলসের একটি গাড়ি ভাঙচুর করলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিন শিক্ষার্থী আহত হন।
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল নয়টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এতে মাগুরা-ঝিনাইদহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইটপাটকেল ও কয়েকটি হাতবোমাও নিক্ষেপ করেন। ইনস্টিটিউটের একাডেমিক ভবনে ভাঙচুর করেন তাঁরা। পরে পুলিশ লাঠিপেটা করে, ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।
কুমিল্লা নগরের চাঙ্গিনী এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ শিক্ষার্থীদের বাসে ভাঙচুর করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ ঘটনায় কমপক্ষে আটজন শিক্ষার্থী আহত হন।
বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ সড়কে শতাধিক যান আটকা পড়ে। পরে পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা করে সড়ক অবরোধ তুলে দেয়। এ সময় শিক্ষার্থীরা ইনস্টিটিউটের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ ও অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
নরসিংদী শহরের দগরিয়া এলাকার ক্যাম্পাসে দুপুরে বিক্ষোভ মিছিল করেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাঁরা ক্যাম্পাসে আগুন ধরিয়ে দিয়ে ইনস্টিটিউটের বিভিন্ন ভবনে ভাঙচুর চালান।
পটুয়াখালীতে সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন। তাঁরা ইনস্টিটিউটের মূল ভবনে তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন।
এ ছাড়া সিরাজগঞ্জ, সিলেট, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, পটুয়াখালী, শেরপুর, নরসিংদী, মাগুরা, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জেও বিক্ষোভ হয়েছে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সিরাজগঞ্জ, ফেনী, কুমিল্লা ও সিলেটের নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও পটুয়াখালী অফিস এবং বগুড়া, শেরপুর, নরসিংদী, মাগুরা, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও গোপালগঞ্জ প্রতিনিধি