দাবি আদায় করতে ‘১০ মিনিট বসা’
দাবিসংবলিত ব্যানার সাঁটানো দেয়ালে। প্রচারপত্র হাতে নিয়ে বসে পড়লেন তাঁরা সবাই। এই বসে থাকার সময়টুকু ঘড়ির কাঁটা মেপে ১০ মিনিট। এরপর হলো সমাবেশ।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার দাবিতে গতকাল সোমবার বিকেলে ব্যতিক্রমধর্মী ‘১০ মিনিট বসা’ কর্মসূচি পালন করে সিলেট কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন। সিলেট নগরের মজুমদারি এলাকায় বাংলাদেশ বিমানের জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে আয়োজক সংগঠনের শতাধিক সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন যোগ দেন।১০ মিনিট বসা কর্মসূচি পালন শেষে সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘সোনালী স্বপ্ন বাংলাদেশ’-এর সভাপতি শোভা মতিন, সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এন আনোয়ার, মো. ইসহাক আলী প্রমুখ।বক্তারা বলেন, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটের যাত্রীদের অধিকাংশ বৃহত্তর সিলেটের বাসিন্দা। দেশ-বিদেশে যাতায়াতে সিলেটের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের। কিন্তু এই বিমানবন্দর কেবল নামেই আন্তর্জাতিক হয়েছে। বাস্তবে এখনো আন্তর্জাতিক ফ্লাইটগুলো ঢাকা হয়ে তারপর সিলেটে আসছে। সরাসরি ফ্লাইট অবতরণসহ বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করলে প্রবাসীদের নিয়মিত দেশে আসতে সুবিধা হবে। এতে দেশে বিনিয়োগও বাড়বে। ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন প্রসঙ্গে জানতে চাইলে এহসানুল হক বলেন, দাবিদাওয়া নিয়ে সহনশীলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার উদাহরণ তৈরি করতে এমন কর্মসূচি দেওয়া হয়েছে।