এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে আগামী ১ জুন থেকে সাগরিকা গরুর বাজারে বেচাকেনা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম গবাদিপশু ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতারা। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন।অভিযোগ রয়েছে, মাংস ব্যবসায়ীদের একটি চক্র বাকিতে লেনদেনের নামে গবাদিপশু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। এ ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে বিবিরহাট গরুর বাজার বন্ধ করে দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম গবাদিপশু সংগ্রাম পরিষদের আহ্বায়ক এম শওকত আলী। এতে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মো. কাজী রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. ফারুক আলম, মোহাম্মদ ওসমান, আবদুল জব্বার প্রমুখ।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মাংস ব্যবসায়ীদের ১৮ জনের একটি চক্র টানা এক মাস বাকিতে প্রায় তিন কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার গবাদি পশু কিনে নিয়ে যায়। এর পর থেকে দীর্ঘদিন ধরে তারা টাকা পরিশোধ করছে না। তারা পাহাড়তলীর সাগরিকা ও মুরাদপুরের বিবিরহাট বাজার থেকে গরু, মহিষ, ছাগল, ভেড়া বাকিতে কিনে নগরের বহদ্দারহাট, আতুরার ডিপো, অক্সিজেন, বায়েজিদ, কামালবাজার, আমানবাজার, ফতেয়াবাদসহ বিভিন্ন বাজারে বিক্রি করত। এদের বিরুদ্ধে চট্টগ্রাম গবাদিপশু ব্যবসায়ী সমবায় সমিতি নগরের পাহাড়তলী থানায় অভিযোগ জানিয়েছে। ৫ মে সমিতির নেতারা মেয়রের ডাকা সমঝোতা বৈঠকেও অংশ নেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা হয়নি। সিটি করপোরেশন ও পাহাড়তলী থানার পুলিশের সহযোগিতায় আগামী সাত দিনের মধ্যে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করে গবাদি পশু ব্যবসায়ীদের পাওনা টাকা উদ্বারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।