দাবি আদায় না হলে ২৯ আগস্ট থেকে জ্বালানি ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রল পাম্পের জন্য শুধু বিস্ফোরক ও ট্রেড লাইসেন্স চালু রাখার দাবি জানিয়েছেন খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা। এ দুটি ছাড়া অন্য কোনো লাইসেন্স নিতে ব্যবসায়ীদের চাপ না দেওয়া, মালিক সমিতির ছাড়পত্র ছাড়া নতুন পাম্প স্থাপন করতে না দেওয়া, ডিপো থেকে সরবরাহ করা জ্বালানি তেলের মান ঠিক রাখাসহ ১০ দফা দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দাবি মানা না হলে ২৯ আগস্ট থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

আজ শনিবার দুপুরে খুলনার খালিশপুরে ট্যাংক-লরি ওনার্স ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়।
খুলনা ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির খুলনা বিভাগীয় সভাপতি আবদুল গফ্ফার বিশ্বাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, ট্রেড ও বিস্ফোরক লাইসেন্স থাকলে অন্য লাইসেন্স এই ব্যবসার জন্য জরুরি না। এ দুটি লাইসেন্স থাকার পরও আরও আট-নয়টি সংস্থা তাদের কাছ থেকে লাইসেন্স নিতে চাপ দিচ্ছে। এতে জ্বালানি তেলের ব্যবসা শিগগিরই কঠিন সংকটে পড়বে।
জ্বালানি তেল ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে বেসরকারি রিফাইনারি থেকে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা, পাম্পের প্রবেশদ্বারে কোনো ধরনের লিজ বাবদ ফি নেওয়া বন্ধ করা, এনার্জি রেগুলেটরি কমিশন, পরিবেশ অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিএসটিআইয়ের দেওয়া লাইসেন্স নিতে পাম্পগুলোকে বাধ্য না করা।
২৮ আগস্টের মধ্যে এসব দাবি না মানলে ২৯ আগস্ট ডিপো থেকে তেল না তুলে ও পরিবহন না করে ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া প্রয়োজন হলে লাগাতার ধর্মঘটে যাবেন বলেও হুমকি দেন জ্বালানি তেল ব্যবসায়ী নেতারা।