দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, অচল হয়ে পড়েছে ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার আন্দোলনের তৃতীয় দিনে তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন করে দফায় দফায় ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেছেন।অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, কিছুসংখ্যক ছাত্রের স্বার্থের জন্য এই দাবি তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা গতকাল ক্যাম্পাসে দফায় দফায় খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল-সমাবেশ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বুকে কালো ব্যাজ ধারণ করে এসব কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া তাঁরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে কালো কাপড় দিয়ে আটকে দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে ছাত্রসংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষকেরা। বৈঠক চলে রাত নয়টা পর্যন্ত। বৈঠকে ছাত্ররা তাঁদের দাবি-দাওয়া তুলে ধরেন এবং প্রতিটি দাবির পক্ষে একজন করে প্রস্তাব করেন।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, অধিকাংশ শিক্ষক ঠিকমতো ক্লাস-পরীক্ষা না নিয়ে বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবৈধভাবে খণ্ডকালীন চাকরি নিয়ে ব্যস্ত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণকাজের জন্য কৌশলে অবৈধ অর্থ আদায় করছেন বলেও অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্যাতন বন্ধ করা, ক্যাম্পাসে ইন্টারনেট-সুবিধা নিশ্চিত করা, পর্যাপ্ত পরিবহনসুবিধা দেওয়া ও এর ভাড়া কমানো, আবাসিক হলের খাবারের দাম কমানো, শিক্ষকদের অনিয়ম-দুর্নীতির বিচার করা, স্থানীয় সাংসদকে সিন্ডিকেট সদস্য করা, ছাত্র সংসদ চালুসহ ১৯ দফা দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।রোববারও তাঁরা তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে টেন্ডারবাজিসহ নানা অপকর্মের জন্য কর্তৃপক্ষ বেশ কয়েকজন ছাত্রকে সাজা দেয়। মূলত ছাত্রলীগের নেতারা নতুন ব্যানারে তাঁদের বাঁচাতে ক্যাম্পাসকে অচল করে তুলছেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও ছাত্রসংগ্রাম পরিষদের নেতা আবদুল্লাহ আল মাসুম প্রথম আলোকে জানান, আমরা তাঁদের বাঁচাতে অন্দোলন করছি এমন অভিযোগ সত্য নয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর গণেশ চন্দ্র সাহা প্রথম আলোকে জানান, এ ব্যাপারা এখন পর্যন্ত (গত রাত সাড়ে নয়টা) কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।