দাবি আদায়ে আন্দোলনে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা
বেতন বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। এসব দাবি বাস্তবায়নে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি নতুন বেতন স্কেলের সপ্তম গ্রেড অনুযায়ী তাঁদের জন্যও সমপরিমাণ বেতন নির্ধারণ, ভ্রমণভাতা (টিএ), দৈনিক ভাতাসহ (ডিএ) অন্যান্য ভাতা প্রদান, চাকরির নিশ্চয়তা বিধান, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনকে (ফারিয়া) সরকারি নিবন্ধন ও স্বীকৃতি এবং সাপ্তাহিক ছুটিসহ জাতীয় সব ছুটি প্রদান।
লালমনিরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট ফারিয়ার সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আশাদুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।
এর আগে ফারিয়ার উদ্যোগে শহরের মিশন মোড় চত্বরে একটি মানববন্ধন হয়। নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে গতকাল বেলা ১১টার দিকে ফারিয়ার উদ্যোগে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন হয়। এ সময় সেখানে বক্তব্য দেন ফারিয়ার জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসানুল বারী প্রমুখ। দাবি বাস্তবায়নে বক্তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেসক্লাবের সামনে ফারিয়ার উদ্যোগে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন সৈয়দপুর ফারিয়ার সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক আতাহার হোসেন প্রমুখ।