বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে গতকাল সোমবার আবারও সড়ক অবরোধ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএস কোর্সের তিনটি ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে প্রায় ২০ মিনিট ইউএসটিসির সামনের জাকির হোসেন সড়ক অবরোধ করে রাখেন তাঁরা।
অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সরে যান।
এর আগে জানুয়ারি মাসে একই দাবিতে টানা কয়েক দিন অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন প্রায় এক হাজার শিক্ষার্থী। ২০১১-১২ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি হওয়া ২৫তম ব্যাচ, ২০১২-১৩ শিক্ষাবর্ষের ২৬তম ব্যাচ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন।
জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, তাঁরা সড়ক অবরোধ করেননি। মিছিল করেছেন। মিছিল করার সময় যান চলাচল কিছুটা বাধাগ্রস্ত হয় কেবল।
নাম না প্রকাশের শর্তে ইউএসটিসির এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। এ জন্য মন্ত্রণালয় এবং বিএমডিসির সঙ্গে আলোচনা করছেন তাঁরা।