দাবি আদায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আইন ও মুসলিম বিধান বিভাগের নাম পরিবর্তন করে আইন বিভাগ করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তন করে শুধু আইন বিভাগ করার দাবি জানিয়ে আসছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বিষয়টি উত্থাপন করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিভাগের শিক্ষার্থীরা সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দাবি আদায়ে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিকেল চারটার দিকে একাডেমিক কাউন্সিলে বিভাগের নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বৈঠক শেষে শিক্ষকেরা প্রশাসন ভবন থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা শিক্ষকদের লক্ষ্য করে আপত্তিকর কথা বলতে থাকেন। বিকেল পাঁচটায় প্রশাসন ভবন থেকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এ কারণে ঝিনাইদহ ও কুষ্টিয়াগামী পাঁচটার বাস সময়মতো ছাড়তে পারেনি।
পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য হারুন উর রশিদ আসকারীর সঙ্গে দেখা করে। এ সময় উপাচার্য তাঁদের আশ্বস্ত করলে প্রায় ৩০ মিনিট পর প্রধান ফটকের তালা খুলে দেওয়া হয়।
সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের নাম পরিবর্তন নিয়ে দু-এক দিনের মধ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। কমিটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভাগের নাম নিয়ে পর্যালোচনা করে একটি প্রতিবেদন দেবে।
তিনি আরও বলেন, প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করবে। হয়তো পরবর্তী কাউন্সিলে সিদ্ধান্ত হতে পারে। তবে এটা অবশ্যই সুরাহা হবে।