১১ দফা দাবি আদায়ে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল রোববার সকালে খুলনার খালিশপুর ও আটরা এবং যশোরের রাজঘাট শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মানববন্ধন শেষে সমাবেশ থেকে শ্রমিকনেতারা এ হুমকি দেন।খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম ও স্টার জুট মিল, আটরা শিল্পাঞ্চলের আলিম ও ইস্টার্ন জুট মিল এবং রাজঘাট শিল্পাঞ্চলের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিক-কর্মচারীরা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন করেন। খালিশপুর অঞ্চলের শ্রমিকেরা খালিশপুর নতুন রাস্তা মোড়ে, আটরা শিল্পাঞ্চলের শ্রমিকেরা আটরা শিল্পাঞ্চলের যশোর রোডে এবং রাজঘাট শিল্পাঞ্চলের শ্রমিকেরা রাজঘাট শিল্পাঞ্চলের যশোর রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন।তিন শিল্পাঞ্চলে মানববন্ধন শেষে সমাবেশে পাটকল শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা বলেন, পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি মানতে হবে। প্রয়োজন হলে কঠোর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে খুলনা ও যশোর অঞ্চল অচল করে দাবি আদায় করা হবে বলে নেতারা জনান।শ্রমিকনেতারা জানান, পাট, সুতা ও বস্ত্রকলের শ্রমিক-কর্মচারীদের মজুরি ও উৎপাদনশীলতা কমিশন গঠন, দক্ষতার ভিত্তিতে বদলি শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ, ২০ শতাংশ মহার্ঘ ভাতার বকেয়া দেওয়া, বিজেএমসির মতো কর্মচারীদের জন্য এলপিআরের সুবিধা দেওয়া, মিলগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, বিজেএমসি কর্তৃক ছাঁটাই ও টার্মিনেট করা শ্রমিকদের পুনবর্হালসহ ১১ দফা দাবিতে শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কিন্তু বিজেএমসির কিছু লোক সরকারকে ভুল বুঝিয়ে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে দিচ্ছেন না।