দাবি আদায়ে বিমানকে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন বৈমানিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের বৈমানিকদের অবসরের বয়সসীমা বাড়ানোর আদেশ বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)। গতকাল বুধবার রাজধানীর উত্তরার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাপার নেতারা এই সময়সীমা বেঁধে দেন। এই সময়ের মধ্যে দাবি না মানলে বৈমানিকেরা চুক্তির বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন না বলে জানিয়ে দিয়েছেন।বাপার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব বলেন, ‘বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে আদেশ প্রত্যাহার করা না হলে আমাদের কর্মসূচি শুরু করব।’ তিনি আরও বলেন, ‘দাবি মানা না হলে ৮ নভেম্বর থেকে কর্মবিরতিসহ বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’প্রসঙ্গত, বিমান কর্তৃপক্ষের সঙ্গে বাপার চুক্তি অনুযায়ী, প্রত্যেক বৈমানিক মাসে ৭০ ঘণ্টা করে বিমান চালানোর কথা। কিন্তু তাঁদের সাধারণত এর চেয়ে বেশি সময় দিতে হয়। এখন তাঁদের ঘোষণা অনুযায়ী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে চুক্তিবদ্ধ সময়ের চেয়ে তাঁরা বেশি কাজ না করলে বিমানের নিয়মিত ফ্লাইটসহ হজ ফ্লাইটে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে এম এ বাসেত বলেন, ‘এই কর্মসূচিতে বিমানের ফ্লাইট বিপর্যয় দেখা দিলে এর দায় আমরা নেব না।’ তবে হজ ফ্লাইট এ কর্মসূচির বাইরে থাকবে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাপার ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন জাকির হোসাইন ও জ্যেষ্ঠ সদস্য ক্যাপ্টেন মাকসুদ। এ সময় বেশ কয়েকজন বৈমানিক উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাম্প্রতিককালে কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় বিমানের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এর মধ্যে বিমানের সঙ্গে প্রতারণা করা সত্ত্বেও কাবো এয়ারলাইনস থেকে গত বছর উড়োজাহাজ ভাড়া করে সেটি আট মাস রেখে দেওয়া, বিমানের সঙ্গে চুক্তি করার পরও ইউরো আটলান্টা এয়ারলাইনসকে দ্বিতীয় বোয়িং ৭৭৭ সরবরাহ করতে বাধ্য না করা (ফলে নিউইয়র্ক ফ্লাইট চালু করা যায়নি) ইত্যাদি।