দাবি আদায়ে মহাসড়কে ছাত্রছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সরকারি কলেজের ছাত্রছাত্রীরা গতকাল সোমবার প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে বসে কলেজের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। এ সময় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের দুই দিকে প্রচুর যানবাহন আটকে যায়।
ছাত্রছাত্রীদের দাবির মধ্যে রয়েছে কলেজে আলাদা একাডেমিক ভবন নির্মাণ, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক নিয়োগ, নিজস্ব পরিবহনব্যবস্থা চালু করা, শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস নির্মাণ, কলেজ লাইব্রেরিতে পর্যাপ্ত বই সরবরাহ, বিজ্ঞানাগার স্থাপন, অনার্স কোর্স থাকা বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা, শিক্ষকদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা করা এবং কলেজের সীমানাপ্রাচীর নির্মাণ।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক দিয়ে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে ফিরে এসে সাড়ে ১০টার দিকে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কলেজের মূল ফটকের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বসে সমাবেশ করেন।
সমাবেশে ছাত্রছাত্রীরা বক্তব্যে বলেন, ১৯৬৫ সালে কলেজটি স্থাপিত হওয়ার পর আর কোনো উন্নয়নকাজ হয়েছে বলে তাঁদের জানা নেই। ছাত্রাবাস না থাকায় প্রত্যন্ত এলাকা থেকে আসা গরিব ছাত্রছাত্রীদের বাসা ভাড়া করে থাকতে হয়। নিজস্ব পরিবহন না থাকলেও প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে প্রতিবছর ৭৫০ টাকা করে পরিবহন খরচ বাবদ কর্তৃপক্ষ আদায় করে।
যোগাযোগ করা হলে অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, ছাত্রছাত্রীদের দাবিগুলো অবশ্যই ন্যায্য দাবি। এর মধ্যে স্বতন্ত্র পরীক্ষা হল ও একাডেমিক ভবন নির্মাণ অত্যন্ত জরুরি। কারণ কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হলে পাঠদান বন্ধ রাখতে হয়। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে।