দাবি আদায়ে মানববন্ধন পৌর কর্মকর্তা-কর্মচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ শাখা। গতকাল বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ শাখা। গতকাল বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করে রাজস্ব খাত থেকে তাঁদের বেতন-ভাতা ও পেনশন-সুবিধা দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন পৌরসভায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের ডাকে গতকাল সোমবার এ কর্মসূচি পালিত হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নাটোর: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় সড়ক ও মহাসড়কে মানববন্ধন করেন নাটোর সদর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনসহ নাটোরের অন্য পৌর মেয়ররা মানববন্ধনস্থলে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
চাঁপাইনবাবগঞ্জ: বেলা ১১টার দিকে পৌরসভার সামনেই অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা মানববন্ধন করে। অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান, সচিব মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম প্রমুখ।
সিরাজগঞ্জ: পৌরসভা কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে আধা ঘণ্টার এক মানববন্ধন হয়। এ সময় সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পৌরসভার সচিব লুৎফর রহমান, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
বেড়া (পাবনা): পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে সকাল ১০টায় আধা ঘণ্টার এক মানববন্ধন করা হয়েছে। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন পাবনা জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, বেড়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি লিয়াকত আলী, সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য আজিজুর রহমান, মহাদেব দত্ত প্রমুখ।
নওগাঁ: বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী পৌরসভার মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অ্যাসোসিয়েশনের নওগাঁ পৌরসভা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত প্রমুখ বক্তব্য দেন।
দুপচাঁচিয়া (বগুড়া): উপজেলা সদরের সিও বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন হয়েছে। এতে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের দুপচাঁচিয়া শাখার আহ্বায়ক মোস্তফা কামাল ও যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসাইন, পৌর সচিব কার্তিক চন্দ্র দাস, তালোড়া পৌরসভার কাজী রবিউল ইসলাম প্রমুখ।
আক্কেলপুর (জয়পুরহাট): সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন হয়েছে। একই দাবিতে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।