পরিচালক ও স্থায়ী শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার প্রতিষ্ঠানের প্রধানসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। এ সময় তাঁরা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ভেতরে বিক্ষোভ মিছিল করেন। সকাল আটটা থেকে শুরু হওয়া আন্দোলন চলে বেলা আড়াইটা পর্যন্ত। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হয়।শিক্ষার্থীরা জানান, ২০১১ সালের ২৮ এপ্রিল লেদার কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করা হয়। ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠানের নতুন নামকরণও করা হয়। সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২০ জনকে প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। কথা ছিল, ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে সব সুবিধার ব্যবস্থা করা হবে। কিন্তু এক বছর হয়ে গেলেও শিক্ষার্থীরা প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা পাচ্ছেন না।শিক্ষার্থীদের অভিযোগ, ঘোষণার পর প্রতিষ্ঠানে এ পর্যন্ত নতুন নামে কোনো সাইনবোর্ড বসানো হয়নি। নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠানের পরিচালক নেই। রয়েছে শিক্ষকস্বল্পতা। ইনস্টিটিউট হলেও তাঁদের আগের মতোই কলেজের পরিচয়পত্র ব্যবহার করতে হচ্ছে। তা ছাড়া আবাসিক হলগুলোর অবস্থা ভালো নয়। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের অধিকাংশ দাবি যৌক্তিক। যত দ্রুত সম্ভব এগুলো পূরণ করা হবে।