শিক্ষায় মোট জিডিপির ৬ শতাংশ বাজেট বরাদ্দ, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তি এবং শিক্ষাব্যবস্থার জাতীয়করণসহ ২০১০ সালের শিক্ষানীতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়।
গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) নবম জাতীয় সম্মেলনে অজয় রায় এই তাগিদ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই দাবি আদায়ের জন্য বাকবিশিসকে একটা প্রবল আন্দোলন তৈরি করতে হবে। সভাকক্ষ কিংবা সেমিনারের বাইরে সবচেয়ে বেশি রাজপথে থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সামনে প্রয়োজন হলে অবস্থান ধর্মঘট করতে হবে।
শিক্ষক নেতাদের উদ্দেশে অজয় রায় আরও বলেন, ‘এই ব্যাপক কর্মসূচি যদি আপনারা না গ্রহণ করেন, তাহলে যে শিক্ষানীতি আমরা চাই, তা বাস্তবায়িত হবে না। কাজেই আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।’
হেফাজতে ইসলামের চাওয়া অনুসারে পাঠ্যপুস্তকে ‘সাম্প্রদায়িক পরিবর্তন’ আনা হয়েছে মন্তব্য করে এ বিষয়ে সরকারকে সতর্ক করেন অজয় রায়। সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক বালা বিজয় কুমার শিক্ষা বাজেটে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘তৃতীয় বিশ্বের দেশগুলোর সরকার শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টিকে দেখে অপচয় হিসেবে। আমি বলব, আপনারা এটাকে বিনিয়োগ হিসেবে দেখুন।’
বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মাহফুজা খানম বলেন, সমাজ-রাষ্ট্র গঠনে একজন শিক্ষকের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি রাষ্ট্রেরও দায়িত্ব আছে এই শিক্ষক সমাজের প্রতি। রাষ্ট্রকে সেই দায়িত্বটুকু পালন করতে হবে।
বাকবিশিসের সভাপতি নুর মোহাম্মদ তালুকদার বলেন, নিজেদের দাবিদাওয়াসহ পাঠ্যপুস্তকে পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন তাঁরা।
উদ্বোধনী পর্ব শেষে শোভাযাত্রা হয়। এতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে সম্মেলনে আসা শিক্ষকেরা। বেলা আড়াইটার পর শুরু হয় সাংগঠনিক অধিবেশন।