দাবি আদায়ে গতকাল বুধবার দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস শিক্ষার্থীরা।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এমবিবিএস ও বিবিএর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হন। এর জের ধরে গতকাল সকালে এমবিবিএসের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে মানববন্ধন ও পরে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা এবং ক্যাম্পাস থেকে বিবিএর পাঠদান কার্যক্রম অন্যত্র স্থানান্তরের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সামস-উদ-দোহা প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রথমে আগামী এক সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কথা ভেবেছিলাম। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কাল (বৃহস্পতিবার) শিক্ষার্থীদের দাবির ব্যাপারে আমরা আবার বসব।’
ক্যাম্পাস সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেন। বিকেলে দাবি আদায়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা সরে যান। সন্ধ্যায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সভা হয়।
ইন্টার্ন চিকিৎসক সমিতির সভাপতি চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ বলেন, গত সোমবার বিবিএর ছাত্রদের হামলায় এমবিবিএস ২৫তম ব্যাচের শিক্ষার্থী ইসমাম কালাম, জাহিদ রানা ও সাইফুদ্দিন আহমেদ গুরুতর আহত হন।