৯ দফা দাবি আদায়ে পরিষদভুক্ত সংগঠনগুলোকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদের নেতারা।
গতকাল ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তাগিদ দেওয়া হয়। বাংলাদেশ লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতি ও কেমিক্যাল ইমপোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় পরিষদভুক্ত ১৯টি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
ঐক্য পরিষদের সদস্যসচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, মতবিনিময় সভায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ৯ দফা দাবির ব্যাখ্যা করা হয়। এ ছাড়া দাবি আদায়ে চলমান আন্দোলন ও এর গতি-প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়।
আবুল কালাম আজাদ জানান, কাল শনিবার শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সাভার শিল্পনগর পরিদর্শনে যাবেন। সেখানে ঐক্য পরিষদের প্রতিনিধিরা নিজেদের দাবিদাওয়ার বিষয়ে শিল্পসচিবের সঙ্গে কথা বলবেন।