দাবি আদায়ে ২৬ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল চুক্তি বাতিলের দাবিতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলাকালে ব্যঙ্গাত্মক নাটিকা পরিবেশন করে বটতলা নামের একটি সংগঠন l ছবি: প্রথম আলো
রামপাল চুক্তি বাতিলের দাবিতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলাকালে ব্যঙ্গাত্মক নাটিকা পরিবেশন করে বটতলা নামের একটি সংগঠন l ছবি: প্রথম আলো

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বন্ধে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ সময়ের মধ্যে প্রকল্প বাতিল না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীদের ঢাকায় এনে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। দাবি আদায়ে প্রয়োজনে রাজনীতির গতিপথ পরিবর্তন হতে পারে বলেও সমাবেশ থেকে বলা হয়।
বেলা সোয়া ১১টায় কর্মসূচির শুরুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আন্দোলনের যে জাগরণ শুরু হয়েছে, তা স্তব্ধ হবে না। সেই আগুনে রাজনীতির পরিণতি কী হবে, সেটা সরকারকে ভেবে দেখার অনুরোধ করছি।’ তিনি বলেন, ‘রাজনীতিতে পরিবর্তন এনে হলেও আমরা সুন্দরবনকে রক্ষা করার সংগ্রাম অব্যাহত রাখব।’
কর্মসূচিতে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পুঁজিবাদী ও মুনাফালোভী দানব সুন্দরবনকে গিলে খেতে চাচ্ছে। যদি এই বন নিঃশেষ হয়ে যায়, তবে দানবদের সর্বগ্রাসী ক্ষুধা থেকে কোনো বন ও জলাশয় রক্ষা পাবে না।
প্রাবন্ধিক, গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘১৬ কোটি মানুষের মধ্যে ষোলো শ মানুষও এ প্রকল্প চায় না। প্রকল্পে যাঁরা জড়িত, তাঁদের নাম ১০ থেকে ১৫ বছর পরে মানবতাবিরোধী অপরাধী গোলাম আযম ও দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে উচ্চারিত হবে।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘এরপর বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সেই আন্দোলনে রাজনৈতিক অবস্থার গতি পরিবর্তনও ঘটে যেতে পারে।’
বেলা সোয়া ১১টার দিকে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ অবস্থান কর্মসূচির উদ্বোধন করেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পরবর্তী তিন মাসের কর্মসূচি ঘোষণা করেন জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ আগস্ট সভা-সমাবেশ ও মিছিল; সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন-উত্তর কর্মসূচি ও রাজধানীতে পদযাত্রা; আন্দোলনের সমর্থক ভারতীয়দের সঙ্গে আলোচনা করে ভারত ও বাংলাদেশে অভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং ভারতের প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিতে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সামনে সমাবেশ; ২৪ নভেম্বর থেকে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির শুরু ও ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ।
আনু মুহাম্মদ বলেন, এসব কর্মসূচি হবে শান্তিপূর্ণ। তবে কর্মসূচিতে কেউ বাধা দিলে হরতাল বা অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি ঘোষণার সময় ওই এলাকা ছিল বিদ্যুৎহীন। বিকেল সাড়ে চারটার দিকে বিদ্যুৎ চলে যায়। পরে জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করে মাইকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। বিদ্যুৎ-বিভ্রাট সম্পর্কে আনু মুহাম্মদ অভিযোগ করেন, আন্দোলন বন্ধ করতে ইচ্ছাকৃতভাবে এই বিদ্যুৎ-বিভ্রাট ঘটানো হয়েছে।
এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণতান্ত্রিক বাম মোর্চা, সুশাসনের জন্য নাগরিক, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ ছাড়া বাংলাদেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ কর্মসূচিতে সংহতি জানান।