দাবি আদায়ের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করলেন ছিটমহলবাসী
ছিটমহল বিনিময়ের সুর্নিদিষ্ট তারিখ ঘোষণা ও নাগরিকত্বের দাবিতে গতকাল রোববার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেন ছিটমহলবাসী। ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা ১৬২টি ছিটমহলের মানুষ এ দাবি আদায়ে ১০ দিনের কর্মসূচি পালন করছেন। গতকাল ছিল এ কর্মসূচির তৃতীয় দিন। আমাদের নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম এবং পঞ্চগড় ও কলকাতা প্রতিনিধির পাঠানো খবর:পঞ্চগড়: ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম গতকাল সকাল ১০টায় বোদা উপজেলার শালবাড়ী ছিটমহলের দিনবাজারে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন। সিরাজুল ইসলাম জানান, ছিটমহলবাসীর দাবি আদায়ের পক্ষে তাঁরা ২৫ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছেন। ১০ দিনের কর্মসূচির চতুর্থ দিন সোমবার রাতে নিষ্প্র্রদীপ কর্মসূচি পালন করা হবে।কুড়িগ্রাম: ফুলবাড়ী উপজেলা শহীদ মিনার চত্বরে গতকাল রোববার সকাল ১০টায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। গতকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত পাঁচ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়। স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে গণস্বাক্ষর অভিযানে অংশ নেন।কলকাতা: কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ছিটমহলের বাসিন্দারা দাবি আদায়ের পক্ষে গতকাল ভারতীয়দের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করেন। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে জানান, ছিটমহল বিনিময় আন্দোলনে সাধারণ ভারতীয়দের কাছ থেকে দারুণ সমর্থন পাওয়া গেছে। ছিটমহলবাসীর দাবির আদায়ে স্বাক্ষর দিয়েছেন ৫২ হাজার ভারতীয় নাগরিক।