আট দফা দাবি পূরণ না হলে ১৯ সেপ্টেম্বর থেকে জেলার ১২টি সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
গতকাল সোমবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমন্বয় পরিষদের নেতারা এই হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্যসচিব মো. ইউনুছ অভিযোগ করেন, জেলার সব সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল ও নিবন্ধনবিহীন অটোরিকশা অবাধে চলাচল করছে। পুলিশের দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত জ্বালানি ছাড়া একতরফা গাড়ি রিকুইজিশন চলছে। জেলার বেশির ভাগ সড়ক ভেঙে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চাঁদাবাজিও বন্ধ হচ্ছে না।
লিখিত বক্তব্যে ১৮ সেপ্টেম্বরের মধ্যে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় ১৯ সেপ্টেম্বর থেকে জেলার ১২টি সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।