দাবি না মানলে আন্দোলনে যাবেন সরকারি কর্মকর্তারা
সরকারি চাকরিতে প্রবেশ পদে ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তাদের বৈষম্য দূরীকরণ, উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ‘কর্তৃত্ব’ কমানো এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবি জানিয়েছেন সরকারি কর্মকর্তাদের একটি সংগঠন। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ৪ ডিসেম্বর ঢাকায় প্রতিনিধি সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সফিউল আজম ও মহাসচিব জিন্নাত আলী বিশ্বাস যৌথভাবে লিখিত বক্তব্যে এসব দাবি জানান।
লিখিত বক্তব্যে সরকারি কর্মকর্তারা বলেন, জাতীয় বেতন স্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ায় প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হবেন। এ জন্য তাঁরা আশা করেন, সরকারি কর্মকর্তাদের মর্যাদা ও তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। তাঁরা অভিযোগ করেন, উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ‘অগণতান্ত্রিক’ ক্ষমতা দিয়ে একটি গতিশীল সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনের পর পরই জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি কর্মকর্তারা মানববন্ধন করেন।