দাবি না মানলে কঠোর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নসহ ১৯ দফা দাবি পূরণের উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচির ডাক দেবে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগ্রাম পরিষদের নেতারা বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সব মানুষ একত্র হয়ে আন্দোলনে নামবে।মানববন্ধনে সংগ্রাম পরিষদের নেতারা বলেন, গত ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী গিয়ে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।১৯ দফা দাবির মধ্যে রয়েছে: উত্তরাঞ্চলের কৃষি ও কৃষককে বাঁচাতে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করা, গ্যাস সরবরাহ নিশ্চিত করা, রাজশাহী চিকিৎসা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা, গঙ্গা ব্যারাজ নির্মাণ করা, পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া, সীমান্ত নদী এলাকাসংলগ্ন বাঘা-চারঘাট, রাজশাহী শহর রক্ষা বাঁধ, গোদাগাড়ী উপজেলাসহ পদ্মা নদীর তীর সংরক্ষণের অসমাপ্ত কাজ সম্পন্ন করা, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম কারখানা, রাজশাহী টেক্সটাইল মিলসহ বন্ধ সব কারখানা চালু করা ইত্যাদি।গতকাল সংগ্রাম পরিষদের মানববন্ধনে অংশ নিয়ে রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিশ্রুতি বাস্তবায়নের অনুরোধ জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখঞ্জি, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, আওয়ামী লীগের মোহাম্মদ আলী সরকার ও আসাদুজ্জামান, জাতীয় পার্টির এস এম জোহা সরকার, ওয়ার্কার্স পার্টির এন্তাজুল হক রাজশাহী রক্ষার সংগ্রামে একতাবদ্ধ থাকার ঘোষণা দেন।মানববন্ধন শেষে সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, স্বাধীনতার পর থেকে রাজশাহী অঞ্চল উপেক্ষিত হয়ে আসছে। আসন্ন বাজেটে যদি দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগের কথা শোনা না যায়, তাহলে সংগ্রাম পরিষদ বৃহত্তর আন্দোলনে যাবে।মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক লিয়াকত আলী।