ইসলামি ও সমমনা ১২ দলের নেতারা অভিযোগ করেছেন, দেশ থেকে ইসলাম বিদায় করার জন্য ইসলামের চিরদুশমনেরা মরিয়া হয়ে চক্রান্ত শুরু করেছে। তারা সরকারের সব অর্জন ধূলিসাৎ করে সরকারকে গণবিচ্ছিন্ন করতে ইসলাম ও কোরআনবিরোধী বিভিন্ন আইন সংসদে পাস করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।গতকাল শনিবার সকালে খেলাফত আন্দোলন কার্যালয়ে ইসলামি ও সমমনা ১২ দলের উচ্চপর্যায়ের এক বৈঠকে নেতারা এ কথা বলেন। এই পরিস্থিতিতে ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত দাবি বাস্তবায়ন করা না হলে লাগাতার কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন ওই নেতারা।১২ দলের শীর্ষ নেতা ও খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফের সভাপতিত্বে বৈঠকে খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।