দাবি না মানলে ধর্মঘটে যাবেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ জুনের মধ্যে ১০ দফা দাবি না মানলে ১ জুলাই থেকে রাজশাহী বিভাগের আট জেলায় শ্রমিক ধর্মঘট পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটি এ ঘোষণা দেয়।

১০ দফা হলো, শিগগির শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেতনভাতা বৃদ্ধি, যুগ্ম শ্রম পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক নতুন করে প্রদত্ত মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নগুলো বাতিল ও যুগ্ম শ্রম পরিচালককে অপসারণ, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ব্যবস্থা গ্রহণ, সড়ক-মহাসড়কে হাটবাজার বন্ধ ও মহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ করা।

ফেডারেশনের রাজশাহী কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, আইন থাকা সত্ত্বেও পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করা হয়নি। যে কারণে শ্রমিকেরা কল্যাণ তহবিলের সুবিধা পাচ্ছে না। অনেক সংগ্রামের পর উচ্চ আদালত ড্রাইভিং লাইসেন্স নবায়নের অনুমতি দিলেও বিআরটিএ নানা সমস্যা দেখিয়ে শ্রমিকদের হয়রানি করছে।