দাবি না মানলে পেট্রল পাম্পে ৩০ অক্টোবর থেকে ধর্মঘটের হুমকি
জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রলপাম্প-সংলগ্ন জমির মাশুল কমানোসহ সরকারের প্রতি ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি না মানা হলে ৩০ অক্টোবর ভোর ছয়টা থেকে দেশের সব পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হবে বলে হুঁশিয়ার করেছে পরিষদ।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগ নির্ধারিত পেট্রলপাম্প-সংলগ্ন জমির শতাংশপ্রতি ভাড়া (মাশুল) বার্ষিক শহরের জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা ও গ্রামের জন্য ৪০০ থেকে ৯০০ টাকা ছিল। এখন এই ভাড়া বাড়িয়ে শতাংশপ্রতি লক্ষাধিক টাকা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে শতাংশপ্রতি ৪০০ টাকার পরিবর্তে দুই লক্ষাধিক টাকা পরিশোধ করতে হবে। তাঁরা এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক বলেন, ‘জ্বালানি সেক্টরে ন্যূনতম সুশাসন নেই। আমরা চরম পর্যায়ে পৌঁছে গেছি। আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই, দাবির বাস্তবায়ন চাই।’ দাবি না মানা হলে ৩০ অক্টোবর ভোর ছয়টা থেকে দেশের সব পেট্রলপাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।
পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়াতে হবে, ট্যাংক লরিকে পৃথক প্রতিষ্ঠান হিসেবে নতুন এসআরও জারি করতে হবে, ভেজাল রোধে প্রতিটি ডিপোতে রনটেস্ট-ব্যবস্থা নিতে হবে, পেট্রলপাম্প স্থাপনের নীতিমালা পুনর্বিন্যাস, ট্যাংক লরি শ্রমিকদের জন্য প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রণয়ন করতে হবে।
এর আগে একই দাবিতে গত ২৮ আগস্ট সংগঠনটি সারা দেশের পেট্রলপাম্পে ৯ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাজাহান, সাধারণ সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান উপস্থিত ছিলেন।