দাবি না মানলে পেট্রলপাম্পে ধর্মঘট
তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রলপাম্প-সংলগ্ন জমির মাশুল কমানোর দাবিসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি না মানা হলে দেশের সব পেট্রলপাম্পে ধর্মঘট ডাকা হবে বলে হুঁশিয়ার করেছেন নেতা-কর্মীরা।
আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা-কর্মীরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক বলেন, দাবি না মানা হলে আগামী ৩০ অক্টোবর ভোর ছয়টা থেকে দেশের সব পেট্রলপাম্পে ধর্মঘট পালন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক ও জনপথ বিভাগ নির্ধারিত পেট্রলপাম্প-সংলগ্ন জমির শতাংশপ্রতি ভাড়া শহরের জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা ও গ্রামের জন্য ৪০০ থেকে ৯০০ টাকা ছিল। এখন এই ভাড়া বাড়িয়ে শতাংশপ্রতি লক্ষাধিক টাকা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গ্রামে শতাংশপ্রতি ৪০০ টাকার পরিবর্তে দুই লক্ষাধিক টাকা পরিশোধ করতে হবে। তাঁরা এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির বন্ধের দাবি জানান।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়াতে হবে, ট্যাংক লরিকে পৃথক প্রতিষ্ঠান হিসেবে নতুন এসআরও জারি করতে হবে, ভেজাল রোধে প্রতিটি ডিপোতে রনটেস্ট-ব্যবস্থা নিতে হবে, পেট্রলপাম্প স্থাপনের নীতিমালা পুনর্বিন্যাস করতে হবে ইত্যাদি।
এর আগে একই দাবিতে গত ২৮ আগস্ট সংগঠনটি সারা দেশের পেট্রলপাম্পে নয় ঘণ্টা প্রতীকী কর্মবিরতি পালন করে।