দাবি না মানলে ফের অবরোধের ঘোষণা শ্রমিকদের
আগামী রোববারের মধ্যে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবি না মানলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজপথ-রেলপথ অবরোধ করা হবে। সেই সঙ্গে খুলনার তিনটি তেল ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। আজ শুক্রবার বিকেলে শ্রমিক সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
খুলনার ক্রিসেন্ট জুট মিল সিবিএ কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনার রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের কয়েক হাজার শ্রমিক ওই সমাবেশে অংশ নেন।
জনসভায় শ্রমিক নেতারা বলেন, জেলা প্রশাসকের অনুরোধে শুক্র, শনি ও রোববার অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন তাঁরা। কিন্তু বকেয়া মজুরি পরিশোধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মজুরি পরিশোধের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে বকেয়া মজুরি দেওয়া না হলে সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা তিনটি পয়েন্টে রাজপথ-রেলপথ অবরোধ করা হবে। অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলবে।
ওই সময়ে ওই তিন পয়েন্টে শ্রমিকদের দুপুরের খাওয়ার জন্য লঙ্গরখানা খোলা হবে বলে জানান রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সদস্যসচিব জাকির হোসেন।
পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা দেন হাফিজুর রহমান ভূঁইয়া, হারুনুর রশীদ মল্লিক, এস এম জাকির হোসেন, কাওসার আলী মৃধা, দ্বীন ইসলাম, খলিলুর রহমান, বিল্লাল হোসেন, আবদুল মান্নান, আলাউদ্দিন, জাহিদুল ইসলাম ও আবদুস সালাম প্রমুখ।
আরও পড়ুন
অবরোধ স্থগিত, ধর্মঘট চলবে