ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা প্রশাসকের দপ্তরের সামনে ১০ দফা দাবিতে অনশন করছেন বাংলাদেশ থেকে আসা সাবেক ভারতীয় ছিটমহলবাসীরা। গত বুধবার থেকে শুরু হওয়া এ অনশন গতকাল শুক্রবার তিন দিনে পড়েছে। এই ১০ দফা দাবির অন্যতমটি হলো ভারত বা পশ্চিমবঙ্গ সরকার যদি তাঁদের দাবিগুলো মেনে না নেয়, তাহলে যেন তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
২০১৫ সালের ৩১ জুলাই রাতে ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা উভয় দেশের ১৬২টি ছিটমহল বিনিময় হয়। এরপর পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়া ভারতীয় ছিটমহলের ৪৬টি পরিবারের ঠাঁই হয় মেখলিগঞ্জ মহকুমায়। এসব পরিবারের ২০৫ জন সদস্যকে অস্থায়ীভাবে টিনের বেড়া ও ছাউনির ঘর দেওয়া হয়।
সম্প্রতি এসব পরিবারের স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে মেখলিগঞ্জের পানিশালা এলাকায় বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে আপত্তি তোলেন অস্থায়ী শিবিরের সাবেক ছিটমহলবাসীরা। তাঁদের অভিযোগ, এলাকাটি তাঁদের জন্য উপযুক্ত নয়। এরপর ১০ দফা দাবিতে তাঁরা অনশন শুরু করেন। ৮ নম্বর দাবিতে তাঁরা বলেছেন, যদি ভারত বা পশ্চিমবঙ্গ সরকার দাবি মেনে না নেয়, তবে যেন তাঁদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ, যে আশা নিয়ে তাঁরা ভারতে গিয়েছিলেন, সে আশা ভেঙে গেছে।
সাবেক ভারতীয় ছিটমহলবাসী বিপুল বর্মণ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই সরকার আমাদের ১০ দফা দাবি মেনে নিক। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। নইলে আমাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিক।’