দাবি না মানলে মঙ্গলবার থেকে অটোরিকশা ধর্মঘটের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ ১৫ বছর (ইকোনমিক লাইফ) না হলে আগামী মঙ্গলবার থেকে তিন দিনের ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে পরিষদের নেতারা এ ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সোমবারের মধ্যে এ দাবি মানা না হলে এ ধর্মঘট পালন করা হবে। এর মধ্যে দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সংগঠনের সদস্যসচিব নাজমুল হাসান বলেন, ঢাকা মহানগরে প্রায় ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলে। ভারতের মতো এখানেও অটোরিকশার ইকোনমিক লাইফ ১৫ বছর করতে হবে।
নাজমুল হাসান বলেন, ‘এর আগেও আমরা চারবার ধর্মঘট ডেকেছিলাম। কিন্তু সরকার বারবার আশ্বাস দেওয়ায় তা স্থগিত করা হয়েছে। মন্ত্রীর সদিচ্ছা আছে। তবে আমলাতান্ত্রিক জটিলতায় দাবি পূরণ হচ্ছে না।’
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক বরকত উল্ল্যা, যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ বক্তব্য দেন৷