দাবি না মানলে মাহমুদুর অনশন ভাঙবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি আদায় না হওয়া পর্যন্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান অনশন ভাঙবেন না। তাই সরকারকে দাবি মানতে আহ্বান জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।গতকাল শুক্রবার কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদুরের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে।তবে ওই হাসপাতালের উপাচার্য প্রাণ গোপাল দত্ত গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা দেখেছেন, তিনি সুস্থ আছেন ও সিসিইউতে ভর্তি আছেন বলে জানান উপাচার্য।গতকাল হাসপাতালের প্রিজন সেলে মাহমুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ফরহাদ মজহার। তাঁর সঙ্গে মাহমুদুরের মা মাহমুদা বেগম ও স্ত্রী ফিরোজা মাহমুদও ছিলেন। ফরহাদ মজহার বলেন, ‘রিমান্ড ও অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’ তিনি বলেন, মাহমুদুর রহমান যে তিনটি দাবিতে আন্দোলন করছেন, তা হলো তাঁর মায়ের নামে করা মামলা প্রত্যাহার, বন্ধ হওয়া আমার দেশ পত্রিকা প্রকাশের সুযোগ করে দেওয়া ও প্রেস থেকে আটক করা ১৯ কর্মচারীকে মুক্তি দেওয়া। ফরহাদ মজহার দাবি করেন, হাসপাতালে তিনি মাহমুদুরের শরীরের বিভিন্ন অংশে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখেছেন। পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, আমার দেশ সুপরিকল্পিতভাবে বন্ধ করা হয়েছে। সাত নাগরিকের বিবৃতি: মাহমুদুর রহমানের তিন দফা দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের সাতজন বিশিষ্ট নাগরিক। বিবৃতি দেন আইনজীবী রফিক-উল হক, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, তালুকদার মনিরুজ্জামান, কবি ফরহাদ মজহার, খালেদা জিয়ার উপদেষ্টা মাহবুব হোসেন, আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ।