দাবি না মানলে শনিবার গার্মেন্টস শিল্পাঞ্চলে ধর্মঘট

একবারে তিন মাসের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার দাবি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে না মানা হলে আগামী শনিবার দেশের সব গার্মেন্টস শিল্পাঞ্চলে ধর্মঘট পালন করা হবে।
এ ছাড়া কাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করা হবে। চলমান আমরণ অনশন অব্যাহত থাকবে।
রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেটের ভেতরে থাকা তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব কর্মসূচির ঘোষণা দেয়। কমিটির পক্ষে নারী নেত্রী মোশরেফা মিশু কর্মসূচিগুলো ঘোষণা করেন।
তবে শ্রমিকেরা যেখানে আন্দোলন করছেন, পুলিশ সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়নি। কর্মসূচি ঘোষণার পর কাগজে সেগুলো লিখে আন্দোলনকারীরা নিচে ফেলেন। সেখান থেকেই তথ্যগুলো সংগ্রহ করা হয়।
মোশরেফা মিশু তোবার কারখানায় অনশনে থাকা অবস্থায় বিকেল সোয়া চারটার দিকে মোবাইল ফোনে প্রথম আলোকে জানিয়েছিলেন, কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।