দাবি না মানলে সোমবার থেকে ফের অবরোধ
কাল রোববারের মধ্যে দাবি না মানলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা। একই সঙ্গে খুলনার তিনটি তেল ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল সরবরাহও বন্ধ করে দেওয়া হবে।
গতকাল শুক্রবার বিকেলে শ্রমিক সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। খুলনার ক্রিসেন্ট জুট মিল সিবিএ কার্যালয়ের সামনে এ সমাবেশে রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের কয়েক হাজার শ্রমিক অংশ নেন।
সমাবেশে শ্রমিকনেতারা বলেন, জেলা প্রশাসকের অনুরোধে শুক্র, শনি ও রোববার অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন তাঁরা। কিন্তু বকেয়া মজুরি পরিশোধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মজুরি পরিশোধের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে মজুরি না পেলে সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা তিনটি পয়েন্টে রাজপথ ও রেলপথ অবরোধ করা হবে। অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলবে।
এই কর্মসূচি পালনের সময় ওই তিন পয়েন্টে শ্রমিকদের দুপুরের খাবারের জন্য লঙ্গরখানা খোলা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সদস্যসচিব জাকির হোসেন।
পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে শ্রমিকনেতা হাফিজুর রহমান ভূঁইয়া, হারুনুর রশীদ মল্লিক, এস এম জাকির হোসেন, কওসার আলী মৃধা, দ্বীন ইসলাম, খলিলুর রহমান, বিল্লাল হোসেন, আবদুল মান্নান, আলাউদ্দিন, জাহিদুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।