পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাদের ১৩ দফা দাবি বাস্তবায়নে সরকারকে সময় বেঁধে দিয়ে বলেছে, দাবি না মানলে ২২ মে সকাল ছয়টা থেকে দেশের সব পেট্রলপাম্প ও ট্যাংকলরি অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে। ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে তেল বিক্রির কমিশন দুই থেকে বাড়িয়ে সাত শতাংশ করা, পেট্রলপাম্প স্থাপনে নীতিমালা তৈরি ও কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি হয়রানি বন্ধ করা। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকদের সংগঠন এ ঘোষণা দেয়। এ সময় জানানো হয়, যেসব সিএনজি স্টেশনে গ্যাস ও তেল দুটোই বিক্রি করা হয়, ধর্মঘটের সময় সেখানে শুধু তেল বিক্রি বন্ধ থাকবে। ঐক্য পরিষদের বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে যেসব স্থানে ট্যাংকলরি টার্মিনাল নেই, সেখানে টার্মিনাল স্থাপন ও বিদ্যমান টার্মিনালগুলোর সংস্কার, প্রত্যেক ডিপোতে পরীক্ষাগার স্থাপন, পাঁচ লাখ টাকার দুর্ঘটনা বিমা চালু ও ট্যাংকলরির ভাড়া বাড়ানো।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, ১৩ দফা বাস্তবায়নে গত বছর মে থেকে পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি জ্বালানি প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তেল বিক্রির কমিশন বাড়ানো, পাম্প স্থাপনের নীতিমালা প্রণয়ন এবং নতুন ট্যাংকলরি টার্মিনাল স্থাপন ও বিদ্যমান টার্মিনালগুলোর সংস্কার—এই দাবিগুলো ১৫ দিনের মধ্যে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও দাবিগুলো মানা হয়নি।