দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি আদায়ের লক্ষ্যে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় বড়পুকুরিয়া বাজারে সমাবেশ করেছে। সমাবেশে ২৮ মার্চ সকাল থেকে খনি এলাকায় ছয় ঘণ্টা রেলপথ ও রাজপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।জমির মালিকানা ঠিক রেখে ১০০ বছরের ফসলের ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের চাকরি ও রেশনিং ব্যবস্থা চালু, ক্ষতিগ্রস্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে হয়রানি ও মামলা প্রত্যাহার এবং ফুলবাড়ী সমঝোতা চুক্তির ছয় দফা পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ওই সমাবেশ করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির বড়পুকুরিয়া আঞ্চলিক শাখার আহ্বায়ক মেনহাজুল ইসলাম। বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক, দিনাজপুর জেলা ওয়ার্কার্স পাটির নেতা মঈনুদ্দীন চিশতি, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য খনি এলাকার ছয় থানার সমন্বয়ক ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফুলবাড়ী শাখা জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম, সদস্য সচিব আবদুল মজিদ চৌধুরী প্রমুখ। ম. ইনামুল হক বলেন, ক্ষতিপূরণের নামে স্থানীয়দের ভূমি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে। এরই মধ্যে এশিয়া এনার্জি কোম্পানি বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি করার প্রস্তাব দিয়েছে। সরকার তাঁদের পক্ষ হয়ে খনি এলাকায় জমি অধিগ্রহণের চেষ্টা করছে। সমীক্ষা ছাড়াই সরকারি অর্থের লুটপাট ও ধ্বংসযজ্ঞের চক্রান্ত শুরু হয়ে গেছে। স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসক উন্নয়নের কথা বলে খনি এলাকার মানুষকে দ্বিধাবিভক্ত করছেন। জানা গেছে, ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী কালুপাড়া, জিগাগাড়ী, বলরামপুর, মৌপুকুরসহ ১০ গ্রামের অধিকাংশ বাড়িঘরে ফাটল, তিন ফসলি জমি ও রাস্তাঘাট দেবে গেছে। স্থায়ী ক্ষতিপূরণ ও পুনর্বানসনের দাবিতে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল।খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য সরকার একটি প্যাকেজ ঘোষণা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ভূমি জরিপকাজ শুরু করা হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একটি পক্ষ ওই প্যাকেজ মেনে নিলেও অন্য পক্ষ মানতে রাজি নয়। তাঁরা সরকারি জরিপকাজ বন্ধ করে দিয়েছে। তেল-গ্যাস জাতীয় কমিটিও সরকার-ঘোষিত প্যাকেজের বিপক্ষে অবস্থান নিয়েছে।