দাবি না মানলে ৫ মে সরকার ফেলে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, তাঁদের আন্দোলন কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয় বা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য নয়। কিন্তু তাঁদের ১৩ দফা দাবি মানা না হলে প্রয়োজনে আগামী ৫ মে সরকার ফেলে দেওয়া হবে।কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে রাজশাহী নগরের মাদ্রাসা মাঠে গতকাল সোমবার সমাবেশে বক্তারা এ কথা বলেন। সকাল ১০টায় শুরু হয়ে মহাসমাবেশ চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর মুহতারিম কাশেমিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সলিমুদ্দিন কাশেমী। সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও আশপাশের বিভিন্ন জেলার হেফাজতের কর্মী-সমর্থকেরা। তাদের মধ্যে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিবিরের কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। গত ৬ এপ্রিলের ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের পর রাজধানীর মতিঝিলে মহাসমাবেশ থেকে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।গতকাল সমাবেশে বক্তারা বলেন, ১৩ দফার কোনোটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। এরপর কোনো দফা সাংঘর্ষিক হলে প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। সরকারের উদ্দেশে বক্তারা বলেন, ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচি প্রশাসন দিয়ে মোকাবিলা করতে গেলে প্রশাসন বলে কিছু থাকবে না। সমাবেশের প্রধান বক্তা হেফাজতের নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক মুফতি নূর হুসাইন কাশেমী বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ নিজামী, মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, মুফতি ফয়জুল্লাহ, মুফতি জুনায়েত আল হাবিব প্রমুখ।কুষ্টিয়ায় শানে রেসালাত: কুষ্টিয়া অফিস জানায়, গতকাল বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলামের শানে রেসালাত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত এই ‘নাস্তিক’ ব্লগারদের ফাঁসি না হবে, ততক্ষণ হেফাজতে ইসলামের কর্মীরা মাঠ ছাড়বে না। ব্লগারদের নিয়ে সরকার রাজত্ব চালাতে পারবে না, ওলামা-তৌহিদি জনতা আগামী ৫ মে রাজত্ব চালাবে।সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মো. আবদুল হামিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি মাওলানা মুহামঞ্চদ ওয়াক্কাস।চট্টগ্রামে মতবিনিময় সভা: চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, কয়েক দিন ধরে হেফাজতে ইসলাম সম্পর্কে ‘অপপ্রচার ও উসকানির’ পরিপ্রেক্ষিতে গতকাল চট্টগ্রামে সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি। সকালে নগরের খুলশিতে সংগঠনের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বর্তমান সময় সবার জন্য অত্যন্ত নাজুক। নাস্তিকবিরোধী আন্দোলনে এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই মুহূর্তে আমরা কারও সঙ্গে বিরোধে জড়াতে চাই না।’