দাবি না মানা পর্যন্ত আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

* চাকরি জাতীয় করণের দাবি।
* জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান।
* কর্মসূচিতে কয়েক হাজার সিএইচসিপি।
* আন্দোলনকারীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা।

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন কর্মসূচি। প্রথম আলো ফাইল ছবি
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন কর্মসূচি। প্রথম আলো ফাইল ছবি

চাকরি জাতীয় করণের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েক হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। দাবি না মানা পর্যন্ত তাঁরা এই কর্মসূচি অব্যাহত রাখবেন। বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের নেতারা প্রথম আলোকে এসব কথা বলেন।

অন্যদিকে সরকারি কর্মকর্তারা বলছেন, আন্দোলনকারীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। একই সঙ্গে কমিউনিটি ক্লিনিক খোলা রেখে মানুষকে সেবা দেওয়ার চেষ্টাও অব্যাহত আছে। কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা কর্মসূচির বিষয়ভিত্তিক পরিচালক (লাইন ডিরেক্টর) মো আবুল হাসেম গতকাল প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীদের দিয়ে কমিউনিটি ক্লিনিক খোলা রাখা হচ্ছে। অন্যদিকে আলোচনাও চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর ও সিএইচসিপি সূত্র জানিয়েছে, সরকারের পক্ষে একটি সংস্থার লোকজন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। তবে সেই অনানুষ্ঠানিক আলোচনায় সিদ্ধান্ত হয়নি।

গতকাল সকাল থেকে সিএইচসিপিরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। তবে শনি ও রোববারের তুলনায় উপস্থিতির সংখ্যা কম ছিল। ওই দুই দিন আট বিভাগের কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। গতকাল অংশ নিয়েছিলেন তিনটি বিভাগের কর্মীরা। আজ অংশ নেবেন পাঁচ বিভাগের কর্মীরা।

কমিউনিটি ক্লিনিক পরিচালনা করেন সিএইচসিপিরা। সপ্তাহে ছয় দিন তাঁরা ক্লিনিকে সেবা দেন। বর্তমানে ১৩ হাজার ৪৪২টি ক্লিনিক চালু আছে। প্রতিটি ক্লিনিকে দৈনিক ৩৫ থেকে ৪০ জন মানুষ স্বাস্থ্যসেবা নেয়। সেই হিসাবে দৈনিক পাঁচ লাখের বেশি গ্রামীণ মানুষ এসব ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। গতকাল প্রথম আলোতে ভুল করে এই সংখ্যা ৫০ লাখ ছাপা হয়েছিল।