দাবি না মানা হলে বিদ্যুৎ বিল দেবেন না মিলমালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতের বিল পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন নরসিংদী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারের টেক্সটাইল ও পাওয়ারলুমের মালিকেরা। গত রোববার সন্ধ্যায় নরসিংদীর মাধবদী বাজার বণিক সমিতির কার্যালয়ে এক সভায় তাঁরা এ সিদ্ধান্ত নেন। বিদ্যুতে সাড়ে ৭ শতাংশ ভর্তুকি বহাল ও নতুন আরোপিত আড়াই শতাংশ অতিরিক্ত বিল প্রত্যাহারসহ আট দফা দাবিতে ওই সভার আয়োজন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ না করার ঘোষণা দিয়ে গতকাল সোমবার নরসিংদী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় দিনভর মাইকিং করা হয়েছে।বাংলাদেশ টেক্সটাইল ও পাওয়ারলুম অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নরসিংদী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার টেক্সটাইল ও পাওয়ারলুমের মালিকেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেক্সটাইল ও পাওয়ারলুম অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘সমস্যা সমাধানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম আশ্বাস দিলেও এখনো সমস্যার সমাধান হয়নি। এ মাসেও সব কলকারখানায় আগের মতো অতিরিক্ত বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে।’নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক মো. রবিউল হোসেন বলেন, ‘পল্লী বিদ্যুতের পক্ষে বিষয়টি সমাধান করা সম্ভব নয়। এটি এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা সরকার ও মিলমালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।’