দাবি না মানায় আবার রাজপথ-রেলপথ অবরোধ
পাঁচ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকেরা আজ সোমবার সকাল ছয়টা থেকে আবার রাজপথ ও রেলপথ অবরোধ শুরু করেছেন। ধর্মঘটের পাশাপাশি শ্রমিকদের এই কর্মসূচি চলছে।
শ্রমিকেরা সকাল থেকে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে। খুলনা-যশোর রেলপথেও অবরোধ চলছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাটখাতে প্রয়োজনীয় অর্থছাড়, পে কমিশনের মতো অবিলম্বে রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ২০১৩ সালের ১ জুলাই ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কর্ণফুলী জুট মিলের শ্রমিকদের স্থায়ীকরণ এবং সব পাওনা পরিশোধের দাবি আদায়ে শ্রমিকেরা আন্দোলন করছেন।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের সদস্যসচিব জাকির হোসেন বলেন, জেলা প্রশাসকের অনুরোধে গত বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য সড়ক ও রাজপথ অবরোধ স্থগিত করা হয়েছিল। গতকাল রোববারের মধ্যে দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আজ আবারও রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।
আজ সকালে খুলনার স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিকদের অবরোধের কারণে খুলনা থেকে সকালের সব ট্রেন রাতেই নওয়াপাড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সঠিক সময়ে ট্রেনগুলো ছাড়া হবে। যেসব যাত্রী আগে থেকে ট্রেনের টিকিট কেটেছিলেন, তাঁদের নওয়াপাড়া থেকে উঠতে অনুরোধ জানানো হয়েছে। যাঁরা অপারগ, তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
স্টেশন মাস্টার বলেন, খুলনা থেকে প্রতিদিন সকালে ছয়টি ও বিকেলে একটি ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যায় | আজ সোমবার বিকেলের ট্রেনটি সাপ্তাহিক বন্ধের কারণে চলবে না।
নগরের খালিশপুর নতুন রাস্তার মোড়, আটরা গিলাতলা শিল্পাঞ্চল ও যশোরের রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকেরা। পাটকলগুলো হলো খুলনার খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার জুটমিল, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম জুট মিল, যশোরের অভয়নগর রাজঘাট শিল্পাঞ্চলের যশোর জুট মিল ও কার্পেটিং জুট মিল।
আরও পড়ুন:
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ