দাবি না মানায় বৈমানিকদের কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দাবি পূরণ না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশ বিমানের বৈমানিকেরা। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে তাঁরা চুক্তির বাইরে কোনো দায়িত্ব পালন না করার কর্মসূচি শুরু করেন।বাংলাদেশ বিমানের বৈমানিকদের অবসরের বয়সসীমা বাড়ানোর আদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)। এর আগে বুধবার বিকেলে বাপা এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।বাপার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল পাঁচটায় তাঁদের দেওয়া সময়সীমা শেষ হয়েছে। বিমান কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। এর পর থেকে বৈমানিকেরা পূর্বঘোষিত কর্মসূচি শুরু করেছেন। তাঁর দাবি, এ কর্মসূচিতে বাড়াবাড়ি কিছু নেই। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, চাকরির ক্ষেত্রে তাঁরা বিমানের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এখন থেকে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ মাসে ৭০ ঘণ্টা বিমান চালাবেন এবং আট দিন ছুটি কাটাবেন। তবে হজ ফ্লাইট ও ভিভিআইপি ফ্লাইট কর্মসূচির আওতামুক্ত থাকবে।এদিকে বিমানের এক কর্মকর্তা বলেন, আগাম নোটিশ না দিয়ে এ রকম কর্মসূচিতে যাওয়া শ্রম আইনের পরিপন্থী। এ ব্যাপারে কর্তৃপক্ষ বাপাকে চিঠি দিয়ে সতর্ক করেছে।এ বিষয়ে ক্যাপ্টেন মাহতাব বলেন, ‘আমরা তো ধর্মঘটে যাইনি। আমরা শুধু চুক্তি মেনে চলার কথা বলছি। এটা শ্রম আইনের পরিপন্থী হবে কেন?’বিমানের কয়েকজন জ্যেষ্ঠ বৈমানিক জানান, এ কর্মসূচির কারণে বিমানের ফ্লাইট-সূচি ঠিক করা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে সপ্তাহে আট দিন ছুটি কাঠাতে গেলে বোয়িং ৭৩৭ দিয়ে পরিচালিত ফ্লাইটগুলো যেমন—ব্যাংকক, কাঠমান্ডু, দিল্লি, কলকাতা, কুয়ালালামপুর, করাচি, সিলেট ও চট্টগ্রাম ফ্লাইটে বেশি প্রভাব পড়বে। এ ছাড়া ডিসি-১০ দিয়ে পরিচালিত দূরপাল্লার ফ্লাইটেও সমস্যা হতে পারে। এদিকে গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান কর্তৃপক্ষ আগের দিনের সংবাদ সম্মেলনে বৈমানিকদের বক্তব্যের জবাব দিয়েছে। উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরির বয়সসীমা বাড়ানো-সংক্রান্ত আদেশ বাতিলের দাবিতে বাপা যে হুমকি দিয়েছে, তা এখন আদালতে বিচারাধীন। তা ছাড়া এ প্রশাসনিক আদেশ নিয়ে বাপাই প্রথমে আদালতে গেছে।