দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনির ধর্মঘটি শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে খনির প্রশাসনিক ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় তাঁদের হামলায় খনির এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে খনির উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ার হোসেন বাদী হয়ে গতকাল শুত্রুবার পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন। খনি সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খনির সভাকক্ষে ধর্মঘটি শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষ বৈঠক করে। শ্রমিকদের পাঁচ দফা দাবির কোনো সুরাহা না হওয়ায় রাতেই শ্রমিকেরা ওই হামলা ও ভাঙচুর চালান। এ সময় শ্রমিকেরা আবদুল্লাহ আল মামুন নামে খনির এক কর্মকর্তা, আনছার সদস্য আবদুল হালিম ও নিরাপত্তাকর্মী আফজাল হোসেনকে মারধর করেন। তাঁরা একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হুমায়ন কবির (৪৮) নামের ওই খনিশ্রমিককে গ্রেপ্তার করে।