দাবি নিয়ে রাজপথে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা
দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন, বেতনকাঠামো ঠিক করাসহ পাঁচ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি তুলে ধরেন শিক্ষকেরা।
তাঁদের দাবির মধ্যে আরও আছে, প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত করা, করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসন, শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু করা, নতুন নিয়োগ ও পদোন্নতি সরকারি কর্মকমিশনের আওতায় রাখা এবং জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করা।
মানববন্ধনে সমিতির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোল্লা বলেন, ‘সরকার দীর্ঘ দুই বছরেও প্রধান শিক্ষকদের বিষয়ে তাঁর ঘোষণার বাস্তবায়ন করেনি। দাবি আদায়ে এভাবে রাজপথে নামা আমাদের জন্য লজ্জাজনক।’
কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাকি বিল্লাহ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও কেবল আমলাতান্ত্রিক জটিলতার কারণে মন্ত্রণালয়ে চিঠির পর চিঠি আটকে আছে। বাস্তবায়ন নেই।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক রিয়াজ পারভেজ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আহ্বায়ক আলাউদ্দিন মোল্লা প্রমুখ।
মানববন্ধন শেষে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষক নেতারা।