দাবি পূরণ ছাড়াই অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে ‘আমরণ অনশন’ ভাঙান অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে ‘আমরণ অনশন’ ভাঙান অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। ছবি: প্রথম আলো

১২৫ ঘণ্টা অনশনের পর দাবি আদায় ছাড়াই ‘আমরণ অনশন’ ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আজ সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙান। এ সময় শিক্ষকেরা তাঁদের বলেন, অনশন ভাঙা মানেই আন্দোলনের পরিসমাপ্তি নয়, এখন থেকে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও এই ‘যৌক্তিক’ আন্দোলনে পাশে থাকবেন।
অনশনের ষষ্ঠ দিনে আজ বিকেলে আন্দোলনকারীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষক উপাচার্যের কাছে একটি বিবৃতি দেন। পরে সন্ধ্যায় ওই শিক্ষকদের একটি প্রতিনিধিদল শহীদ মিনারে আসেন। এঁদের মধ্যে ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামিনা লুৎফা ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মোসাহিদা সুলতানা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এ এন রাশেদা অনশন ভাঙানোর সময় উপস্থিত ছিলেন।
সন্ধ্যা পৌনে ছয়টা থেকে প্রায় আধঘণ্টার মতো শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাঁদের কথা শোনেন। তাঁরা শিক্ষার্থীদের বুঝিয়ে বলেন, অনশন করেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেহেতু টলানো যাচ্ছে না, তাঁদের আন্দোলনের কৌশল পরিবর্তন করা প্রয়োজন। এ আন্দোলনে জনসম্পৃক্ততা আনতে হবে। তাঁরা আইনি প্রক্রিয়ায় যাবেন।

এ সময় অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘অনশন স্থগিত করা মানেই আন্দোলনে পরাজিত হওয়া নয়। আমরা আন্দোলনের কৌশল পরিবর্তন করব। জনসম্পৃক্তির চেষ্টা করব। আন্দোলনে নানা চড়াই-উতরাই থাকে। সব সময় এক “স্ট্রাইকে” বিজয় অর্জন হয় না। তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী করেছ, “সাধ্যাতিরিক্ত” কিছু করে দুর্ঘটনা ডেকে এনো না।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে এম এম আকাশ বলেন, ‘প্রশাসনের কোনো মানবিকতা দেখলাম না। তাঁদের মধ্যে যদি নীতি না থাকে, তবু মানবিকতার খাতিরে তাদের আসা উচিত ছিল। তারা কেন এ বছর থেকেই এ সিদ্ধান্তে অটল, সেটা শিক্ষার্থীদের বুঝিয়ে বলতে পারত।’
শিক্ষাবিদ এ এন রাশেদা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় শিক্ষার্থীদের বক্তব্য নিচ্ছে না। শিক্ষার্থীদের বলার পথও বন্ধ করে রেখেছে ডাকসু নির্বাচন না দিয়ে। বিশ্ববিদ্যালয়টাই বেআইনিভাবে চলছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের মানুষ, জাতি তোমাদের চায়। অনশন ভঙ্গ করো।’
শিক্ষার্থীদের পক্ষে সালমান খান বলেন, তাঁরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে ও তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি পেয়ে অনশন ভাঙছেন। তবে এটাই তাঁদের শেষ নয়। তাঁরা আন্দোলনের কৌশল পরিবর্তন করবেন। পরে শিক্ষকেরা অসুস্থ শিক্ষার্থীদের ফলের ‘জুস’ খাইয়ে অনশন ভাঙান।