দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অনশন চলছে। ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অনশন চলছে। ছবি: প্রথম আলো

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশনে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে অসুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। আজ বুধবার আমরণ অনশনের তৃতীয় দিনে ২৪ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য দিয়েছে, আন্দোলনে নেতৃত্ব দেওয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের উত্তর পাশে গত সোমবার থেকে তারা আমরণ অনশন করছে। এর আগে একই দাবিতে ১০ জুন থেকে একই স্থানে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিল।

অনশনস্থলে গিয়ে দেখা যায়, খোলা আকাশের নিচে শুয়ে-বসে অনশন পালন করছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষক-কর্মচারীরা। অসুস্থ শিক্ষকদের কেউ কেউ সেখানেই স্যালাইন নিয়ে শুয়ে আছেন। অনশনে অংশ নেওয়া শিক্ষকেরা বলছেন, এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছেড়ে বাড়ি যাবেন না। যত কষ্টই হোক, তাঁরা এখানেই থাকবেন।
একজন নেতা জানালেন, এখনো সরকার থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত তাঁদের জানানো হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তাঁদের সঙ্গে কথা বলেছেন।

সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মূল বেতনসহ কিছু ভাতা পান) করা হয়েছিল। বর্তমানে স্বীকৃতি পাওয়া নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। এগুলোতে শিক্ষক-কর্মচারী ৭৫ থেকে ৮০ হাজার। গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির শুরুতে এসব শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনসহ লাগাতার কর্মসূচি শুরু করলে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়। তখন আন্দোলন স্থগিত করা হয়।

কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের যে বাজেট বক্তৃতা দেন, সেখানে নতুন এমপিওভুক্তির বিষয়ে স্পষ্ট বক্তব্য না থাকায় শিক্ষক-কর্মচারীরা আবার আন্দোলনে নেমেছেন। অবশ্য অর্থমন্ত্রী পরে সাংবাদিকদের বলেছেন, এক হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে নীতিমালা ও কমিটি গঠন করে কার্যক্রম শুরু করেছে।