দাবি পূরণ না হওয়ায় কাল সভা ডেকেছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পর আলোচনা হলেও সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দাবি পূরণে এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার সাধারণ সভা ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এই সভা আহ্বান করা হয়েছে।

জানতে চাইলে ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আলোচনা চলছে। তাঁরা আশাবাদী একটি সুষ্ঠু সমাধান হবে। কালকের সভায় আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হবে।
ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দাবি-দাওয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও গ্রেড-সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে লাগাতার কর্মবিরতির আট দিনের মাথায় গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ফেডারেশনের নেতারা। এই আলোচনার পরিপ্রেক্ষিতে পরদিন সভা করে আন্দোলন স্থগিত করে ফেডারেশন।
কয়েক দিন আগে কয়েকজন শিক্ষক নেতার সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের তিন জ্যেষ্ঠ সচিবের আলোচনা হলেও সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শিক্ষকেরা সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মোট অধ্যাপকের মধ্য থেকে ২৫ শতাংশকে গ্রেড-১ করাসহ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে পাঁচ শতাংশকে বিশিষ্ট বা সম্মানিত (ডিন্টিংগুইশড) অধ্যাপক করার প্রস্তাব দেন। কিন্তু এখন কত শতাংশ শিক্ষককে এসব সুবিধা দেওয়া হবে সেটাই ঠিক করা যাচ্ছে না।
নতুন বেতনকাঠামোতে গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে ফেডারেশনের ডাকে ১১ জানুয়ারি থেকে টানা নয় দিন কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। একই দাবিতে এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেন।