দাবি পূরণ না হলে আমরণ অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারস্বীকৃত দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল বুধবার প্রথম দিনের চেয়েও শিক্ষক-কর্মচারী বেশি দেখা গেছে।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মাহমুদুন্নবী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত সরকার থেকে কোনো সাড়া পাননি। ফলে তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন। আর দু-এক দিন অবস্থান কর্মসূচি পালন করবেন। এরপরও দাবি পূরণ না হলে আমরণ অনশন শুরু করবেন।

গত মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়। গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, সারা দেশ থেকে শত শত শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাত ও রাস্তার কিছু অংশে বসে আছেন। এতে ওই এলাকায় যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি দেখা গেছে। স্লোগানের পাশাপাশি বক্তৃতা দিয়েও দাবির কথা জানাচ্ছেন শিক্ষকেরা। কোনো কোনো শিক্ষক দাবিসংবলিত গানও পরিবেশ করছেন। ফেডারেশনের নেতারা বলছেন, আগামী দিনে কর্মসূচিতে শিক্ষক-কর্মচারী আরও বাড়বে।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন যশোরের চৌগাছার বি কে এইচ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মঈন উদ্দিন আহমেদ। ১২ বছর ধরে তিনি শিক্ষকতা করছেন। কিন্তু প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় সরকার থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। তাঁর দুটি মেয়ে। বড়টি এসএসসি পরীক্ষা দেবে। ছোটটি পঞ্চম শ্রেণিতে পড়ে। কষ্টে সংসার চালাতে হয় উল্লেখ করে এই শিক্ষক বললেন, নিজে চাষাবাদও করেন। তবে স্ত্রী প্রাক্‌-প্রাথমিকের শিক্ষক হওয়ায় কিছুটা রক্ষা। তিনি এমন পরিস্থিতিতে দাবি জানাতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি বলেন, প্রায় ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়টিতে পাসের হার শতভাগ। কিন্তু এমপিওভুক্ত হচ্ছে না। 

একই ধরনের সমস্যার কথা বললেন আরও কয়েকজন শিক্ষক।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাসে বেতন-ভাতা বাবদ সরকারি অংশ দেওয়া হয়, সেগুলোকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বলা হয়। আর যেগুলো এমপিওভুক্ত নয়, সেগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না। এগুলোকে সংক্ষেপে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান বলা হয়। বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে প্রায় সাড়ে ২৬ হাজার। এগুলোতে শিক্ষক-কর্মচারী ৪ লাখের বেশি। এর বাইরে স্বীকৃতি পেলেও নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। এগুলোতে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৭৫ থেকে ৮০ হাজার। সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।

মাদ্রাসাশিক্ষকদের কর্মসূচি
সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার (দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার সঙ্গে সংযুক্ত) শিক্ষকেরা ওই সব মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক সমিতি ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। গতকাল তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন। সংগঠনটির সভাপতি আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, জাতীয়করণের পাশাপাশি তাঁদের বেতন স্কেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো করতে হবে। এ ছাড়া ওই সব মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে হবে।