দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন
অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের উদ্যোগে গতকাল রোববার নাটোরের গুরুদাসপুর ও রাজশাহীর বাগমারায় মিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সমাবেশ থেকে ৩১ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে এইচএসসি পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
শিক্ষক সংগঠনের ২১ দফা দাবি সমুহের মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন প্রদান, পূর্ণাঙ্গ উৎসব, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া প্রদান, ব্যবস্থাপনা কমিটি দলীয় রাজনীতি প্রভাবমুক্ত, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পৃথক উন্নয়ন কর্মসূচি গ্রহণ ইত্যাদি।
গুরুদাসপুরে সমাবেশের আগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা স্থানীয় পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে সমবেত হন। সেখান থেকে মিছিলসহ তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের সামনে যান। পরে শিক্ষকদের দাবিসংবলিত একটি স্মারকলিপি ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেন শিক্ষকনেতারা। ইউএনও ইয়াসমিন আক্তার স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের উপজেলা শাখার সভাপতি আজিজুল হক এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কলেজ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আবুল কাশেম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রোজী মোজাম্মেল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজশিক্ষক তুহিন আব্বাসী।
বক্তারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেল প্রদানের নির্ধারিত তারিখ ঘোষণা, এমপিওভুক্ত নয়—এমন শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা, বাড়িভাড়া প্রদানসহ বিভিন্ন দাবিতে ওই স্মারকলিপি দেওয়া হয়। ৩১ মার্চের মধ্যে দাবি মানা না হলে আগামী এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালন বর্জনসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষক সংগঠনটি।
সংগঠনের বাগমারা শাখা গতকাল সকালে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।