পাঁচ দফা দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
এর আগে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার ও বুধবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে ধর্মঘট স্থগিত করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন ও ছাত্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস নিয়ে তাঁরা বৈঠক শেষ করে।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাহেদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না হলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘট দেওয়া হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মাহবুবর রহমান প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, ছাত্র ধর্মঘট প্রত্যাহার করা হলে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে যা ভালো, তা-ই করা হবে।