দাবি পূরণ না হলে ১ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক বেতনকাঠামোর জন্য দ্রুত একটি কমিশন গঠন ও অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের জন্য সরকারকে ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তাঁরা বলছেন, এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর থেকে শিক্ষকেরা লাগাতার কর্মবিরতি শুরু করবেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করে এ কথা জানিয়ে দিয়েছে। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে সকালে ফেডারেশনের সভায় এই মাস পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেছেন, তিনি শিক্ষকদের দাবিগুলো শুনেছেন, এখন শিক্ষা পরিবারের সদস্য হিসেবে তিনি এসব দাবি বেতনবৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তুলে ধরবেন। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশে ফিরলে শিগগিরই কমিটির সভা হবে। তবে শিক্ষকদের মর্যাদা যাতে অক্ষুণ্ন থাকে, সেই চেষ্টা তিনি করে যাবেন। বৈঠকের শুরুতে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দাবি সরকার স্বীকৃতি দিয়েছে বলেই বেতনবৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ সময় তিনি আবারও শিক্ষকদের ক্লাস, পরীক্ষা ও ভর্তি পরীক্ষা অব্যাহত রাখার অনুরোধ জানান।
শিক্ষা মন্ত্রণালয়ে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল প্রায় পাঁচটা পর্যন্ত এ বৈঠক হয়। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের কাছে তাঁদের অবস্থান তুলে ধরেন।
ফরিদ উদ্দিন বলেন, সপ্তম বেতন স্কেলে শিক্ষকদের যে মর্যাদা ছিল, তা যেন অবনমন না হয়, সেটি শিক্ষামন্ত্রীকে বলা হয়েছে। তাঁকে বলা হয়েছে, বেতন না দেন, কিন্তু সম্মানের জায়গায় হাত দেবেন না। এই মাসে তাঁরা কোনো কর্মসূচি দেননি, ভর্তি পরীক্ষা নেবেন। কিন্তু ৩০ অক্টোবরের মধ্যে যদি দৃশ্যমান কিছু না হয়, তা হলে ১ নভেম্বর থেকে লাগাতার কর্মসূচির চাপ আছে। তাঁরা আশা করছেন সেটা করতে হবে না। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ভুল-বোঝাবুঝি হচ্ছে। এ জন্য অপপ্রচার হচ্ছে।
সমিতির মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বলেন, ৩০ অক্টোবরের মধ্যে যদি দাবি না মানা হয়, তা হলে ১ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ফেডারেশনের সভায়। অর্থমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার কমিটির বাকি ছয়জন সদস্যদের সঙ্গেই সভা করবেন তাঁরা।
শিক্ষামন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক সূত্রে জানা যায়, শিক্ষকেরা মন্ত্রীকে লিখিতভাবে তাঁদের ‘আলটিমেটাম’ ও দাবির বিষয়গুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরেছেন। লিখিত প্রস্তাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল চালুর জন্য অনতিবিলম্বে একটি বেতন কমিশন গঠন করতে হবে। আর বেতন স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘোষিত অষ্টম বেতনকাঠামো পুনর্নির্ধারণ করে জ্যেষ্ঠ অধ্যাপকদের বেতন-ভাতা গ্রেড-১, অধ্যাপকদের গ্রেড-২, সহযোগী অধ্যাপকদের গ্রেড-৩, সহকারী অধ্যাপকদের গ্রেড-৫ এবং প্রভাষকদের গ্রেড-৭-এ বেতন-ভাতা নির্ধারণের দাবি জানান তাঁরা। এ ছাড়া গ্রেড-১ প্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে ২৫ শতাংশকে ‘সুপার গ্রেড’-এর দ্বিতীয় ধাপে (জ্যেষ্ঠ সচিবদের সমান) বেতন-ভাতা ও রাষ্ট্রাচারের পদমর্যাদাক্রমে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) প্রত্যাশিত বেতনকাঠামো অনুযায়ী পদমর্যাদাগত অবস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়।
পৃথক বেতনকাঠামো ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এর মধ্যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়ে গত ৭ সেপ্টেম্বর অষ্টম জাতীয় বেতন স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর শিক্ষকদের আন্দোলন আরও জোরদার হয়। এরই মধ্যে গত রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন: এদিকে অষ্টম বেতন স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণসহ কয়েকটি দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন। ৪ অক্টোবর থেকে চার ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। কাল বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে। ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি রয়েছে তাঁদের।

আরও পড়ুন: