দাবি পূরণে সরকারকে সময় বেঁধে দিলেন প্রধান শিক্ষকেরা
অষ্টম জাতীয় বেতনকাঠামোয় দশম গ্রেডে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবি পূরণে সরকারকে কাল বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পূর্ণদিবস কর্মবিরতি পালন এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দায়িত্ব বর্জনের হুমকি দেন তাঁরা।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি আদায়ে এই কর্মসূচি ঘোষণা করে ‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি’ চট্টগ্রাম জেলা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলার আহ্বায়ক কাইছারুল আলম।
সংগঠনের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: প্রধান শিক্ষকদের জাতীয় বেতনকাঠামোয় দশম গ্রেডে অন্তর্ভুক্ত করাসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ঘোষণা দেওয়া। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টাইম স্কেল পাওয়া প্রধান শিক্ষকদের জন্য বেতন নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি করা, নতুন নিয়োগবিধি প্রণয়ন, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিভাগীয় নীতিনির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান শিক্ষকদের সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং অষ্টম জাতীয় বেতনকাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল রাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাইছারুল আলম বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রধান শিক্ষকদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। না হলে ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রধান শিক্ষকেরা তাঁদের চেয়ারে বসবেন না। ৩ থেকে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি এবং ৬ অক্টোবর থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। এর মধ্যেও দাবি পূরণ না হলে আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দায়িত্ব বর্জন করা হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার ঘোষণা দেন। একই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদমর্যাদা উন্নীতের আদেশ জারি করে। কিন্তু দেড় বছরেও পদমর্যাদা অনুযায়ী দশম গ্রেড বাস্তবায়ন হয়নি। এতে শিক্ষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। তাঁরা এর অবসান চান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রণজিৎ ভট্টাচার্য, শিক্ষকনেতা নিপক কুমার লালা, কৃষ্ণা দাশগুপ্তা, রফিকুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।