দাবি পূরণে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকেন্দ্রিক দস্যুবাহিনীর হাতে অপহৃত জেলেদের মুক্তি, জিম্মি পাঁচটি ট্রলার উদ্ধারসহ ১০ দফা দাবি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে পূরণে সরকারের প্রতি সময়সীমা বেঁধে দিয়েছেন মৎস্যজীবীরা। অন্যথায় ১৭ ডিসেম্বর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধের ঘোষণা দিয়েছেন তাঁরা।
গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপকূলের বিভিন্ন এলাকা থেকে জেলে ও ট্রলারমালিকেরা বরগুনা শহরের সদর রোডে এসে সমাবেশ করেন। পরে সেখানে মানববন্ধন করেন তাঁরা। কর্মসূচিতে পিরোজপুরের তুষখালী, বরগুনার সদর, তালতলী, পাথরঘাটা, চরদুয়ানি, পটুয়াখালীর কুয়াকাটা, মহিপুর এলাকার ট্রলার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাসহ অন্তত তিন হাজার জেলে অংশ নেন।
১০ দফার অন্য দাবিগুলো হলো উপকূলীয় জেলেদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন, বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিদেশি মাছ ধরা ট্রলারের অনুপ্রবেশ বন্ধ, নিহত ও আহত জেলেদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এবং সুন্দরবন এলাকায় নৌবাহিনী ও র্যা বের ঘাঁটি স্থাপন, ইলিশ মৌসুমে হেলিকপ্টারে করে টহল প্রদান, জেলে ও মাছ ধরার ট্রলারের বিমার ব্যবস্থাকরণ, জেলেদের সহজ শর্তে ঋণদান এবং বঙ্গোপসাগরগামী ট্রলারগুলোতে জিপিএস চালু করা।
সমাবেশ চলাকালে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক আজিজুল হক, ইউপি চেয়ারম্যান আজিজুল হক, জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি প্রমুখ বক্তব্য দেন।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এক সপ্তাহ আগে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে মাছ ধরার পাঁচটি ট্রলারসহ অন্তত ১০০ জেলেকে অপহরণ করা হয়েছে। অপহৃত জেলেদের মধ্যে ৭৫ জনের প্রত্যেকে তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান। বাকি ২৫ জন জেলে মুক্তিপণ দিতে পারেননি। তাঁদের এখনো ছাড়া হয়নি। আর পাঁচটি ট্রলার ছাড়তে ট্রলারপ্রতি ১৫ লাখ টাকা দাবি করা হচ্ছে। এ ছাড়া প্রায় প্রতিদিনই বঙ্গোপসাগরে একের পর এক ডাকাতি, অপহরণের ঘটনা ঘটছে। গত তিন মাসে অন্তত এক হাজার জেলে অপহৃত হয়েছেন। দেড় হাজারের বেশি ট্রলারে লুটপাট চালানো হয়েছে। গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, ‘আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। এ জন্য আমরা কর্মসূচির ডাক দিয়েছি।’
ফিশিং বোট মালিক সমিতির সভাপতি ইমরুল কায়েস বলেন, ‘প্রতিবছর দেশ মৎস্য খাত থেকে হাজার হাজার কোটি টাকা আয় করছে। কিন্তু গরিব জেলেদের নিরাপত্তায় কেন এত উদাসীনতা।’
সমাবেশ শেষে বেলা একটার দিকে বিক্ষোভসহকারে জেলেরা জেলা প্রশাসক কার্যালয়ে যান। এরপর জেলা ফিশিং বোট মালিক সমিতি ও মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি প্রধানমন্ত্রী বরাবর পৃথক দুটি স্মারকলিপি দেয়। জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন এবং তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।